দ্রুত পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিলেন উপদেষ্টা

জাগ্রত পাহাড় ডেস্ক:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্প্রীতি সমাবেশে আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দ্রুত তুলে নেওয়া হবে। ঢাকায় ফিরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘সম্প্রতি সাজেক ভ্রমণে গিয়ে পর্যটকরা আটকে পড়ায় সরকার বিব্রত অবস্থায় পড়েছে। এমন পরিস্থিতি আমরা চাই না।’ তিনি আরও জানান, এই নিষেধাজ্ঞা সরকার শীঘ্রই তুলে নেবে।

এ সময় সুপ্রদীপ চাকমা দীঘিনালায় সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে উপস্থিত সবাই চাঁদাবাজির শিকার হচ্ছেন, যা মেনে নেওয়া যায় না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা ও নব কমল চাকমা, এবং উপজেলা বিএনপি সভাপতি মো. শফিকুল ইসলাম।

প্রসঙ্গত, গতকাল তিন পার্বত্য জেলায় ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।