নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন, সমতাভিত্তিক অধিকার প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে নির্ভরযোগ্য তথ্য ও বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন নীতিনির্ধারকরা।
‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’-এর প্রাপ্ত উপাত্ত পর্যালোচনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিজন কান্তি সরকার।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাড্ মাধবী মার্মা এমপি, জনাব দীপেন দেওয়ান এমপি এবং মিস আন্না মিনজ এমপি।
আলোচনায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নে সম্পৃক্ত করতে সঠিক ও হালনাগাদ পরিসংখ্যান অত্যন্ত জরুরি। ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’-এর মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত আগামী দিনের নীতিনির্ধারণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণে মাইলফলক হিসেবে কাজ করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
উচ্চপর্যায়ের এই সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিববৃন্দ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকগণ (ডিসি) উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
