মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি নৌযান থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ৩৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে একটি ট্রলারে (নৌযান) করে একদল লোক ধলেশ্বরী নদীর মুন্সিগঞ্জ অংশে অবস্থান করছিল। এ সময় নৌযানটি থেকে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ধলেশ্বরী নদীতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই নৌযানটি ঘেরাও করে ভেতরে থাকা ৩৭ জনকে আটক করা হয়। একই সঙ্গে নৌযানটিও জব্দ করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশ জানায়, আটককৃতদের বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় এবং কী উদ্দেশ্যে তারা নদীতে জড়ো হয়ে এমন স্লোগান দিচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
