স্পোর্টস ডেস্ক:বান্দরবান
পাহাড়ি জেলা বান্দরবানের তরুণ বক্সার নয়ন ত্রিপুরা পৌঁছে যাচ্ছেন ক্রীড়াবিশ্বের অন্যতম সম্মানজনক মঞ্চ ইউথ অলিম্পিক গেমসে। সেনেগালের রাজধানী ডাকারে আয়োজিত এই মেগা আসরে দেশের লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। এই মেগা আসরে অংশ নিতে আগামী ৩ নভেম্বর ডাকারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।
আফ্রিকান দেশ সেনেগালের ডাকারে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক ক্রীড়া মহাযজ্ঞে বক্সিংয়ের পুরুষ ৭০ কেজি ওজন শ্রেণিতে প্রতিপক্ষদের মুখোমুখি হবেন বান্দরবানের এই কৃতি সন্তান। বক্সিংয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পদক জয়ের ধারাবাহিকতায় এবার অলিম্পিকের রিং মাতাতে যাচ্ছেন তিনি।
নয়ন ত্রিপুরার এই যাত্রায় দারুণ আশাবাদী ক্রীড়াঙ্গন ও তার পরিবার। লাল-সবুজ পতাকাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কঠোর অনুশীলন চালিয়েছেন তিনি। পর্বতসম স্বপ্ন নিয়ে দেশ ছাড়ার আগে দেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন তরুণ এই প্রতিভাবান বক্সার।
আগামী ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ইউথ অলিম্পিকের এই বক্সিং ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বান্দরবান তথা পুরো বাংলাদেশ এখন মুখিয়ে আছে বিশ্বমঞ্চে নয়ন ত্রিপুরার সাফল্যের সাক্ষী হতে।
