বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে নতুন সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় পাহাড়প্রমাণ অনিয়ম ও কোটি টাকার ঘুষ বাণিজ্যের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একজন একান্ত সহকারী এবং পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের মহিলা এমপির ঘনিষ্ঠ এক রাজনৈতিক সহযোদ্ধার নেতৃত্বে একটি সিন্ডিকেট এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সার সংকট মোকাবিলায় জেলার ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়ন এবং ২টি পৌরসভায় নতুন সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মোট ৩৪ জন ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হলে ৯৫ জন ডিলার প্রার্থী আবেদন করেন।
তবে অভিযোগ রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রভাবশালী একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার ও ভুক্তভোগী জানান, সরকারি নিয়ম অনুযায়ী জামানত ১০ হাজার টাকা হলেও সিন্ডিকেটের প্রভাবে আবেদনকারীদের দেড় থেকে দুই লাখ টাকা দিতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়া তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করার কথা বলে একেকজন প্রার্থীর কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ হাতিয়ে নিয়েছে চক্রটি।
কৃষি বিভাগ ও প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে মনিটরিং কমিটির যাচাই-বাছাইয়ে বাদপড়া বা অযোগ্য ব্যক্তিদেরও রাজনৈতিক বিবেচনায় চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর পৌরসভার এক আবেদনকারী জানান, ৫ লাখ টাকার চুক্তিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের এক সদস্যের প্রভাবে যাচাই-বাছাইয়ে বাদপড়া এক প্রার্থীকে পুনরায় ২ নম্বরে অন্তর্ভুক্ত করে অবৈধভাবে ডিলার হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
পুরোনো ডিলার হাবিবুর রহমান হাবিব অভিযোগ করে বলেন, “আমি ১ নম্বরে তালিকাভুক্ত থাকার পরও আমাকে বাদ দিয়ে অবৈধভাবে তালিকার ২ নম্বর আবেদনকারীকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে জেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক রিপন বলেন, ঘুষ বাণিজ্য বা তদবিরের সঙ্গে কৃষকদলের কারও জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দীন জানান, অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ১০ সদস্যের মনিটরিং কমিটি তথ্য যাচাই-বাছাই করে কাজ করেছে এবং ডিলারদের কার্যক্ষমতা সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিল করা হবে।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান বলেন, “কিছু অভিযোগ আমরা পেয়েছি, যা নিয়ে জেলা মনিটরিং কমিটি কাজ করছে। তবে ঘুষ বাণিজ্য বা প্রভাব খাটিয়ে তালিকাভুক্তির বিষয়টি উপজেলা মনিটরিং কমিটি বলতে পারবে, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ আসেনি।”
