বিশেষ প্রতিনিধি | খাগড়াছড়ি
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ভারী অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ। টহল দলের উপস্থিতি টের পেয়ে চত্বর ছেড়ে গভীর পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায় ১০-১২ জনের এক সশস্ত্র দল।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে পানছড়ি উপজেলার কচুছড়িমুখ পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত টহলে ছিল। কচুছড়িমুখ পাড়া এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি সন্দেহভাজন দলকে সীমান্ত এলাকা দিয়ে চলাফেরা করতে দেখা যায়। এ সময় টহল দল তাদের থামার নির্দেশ দিলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে রাতের আঁধারে গভীর পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি জোয়ানরা স্থানটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে:
- ১টি ৭.৬২ মি.মি চাইনিজ টাইপ-৫৬ এসল্ট রাইফেল
- ১০০ রাউন্ড তাজা গুলি
- ২টি বাটন মোবাইল ফোন
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এ অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
