প্রকাশিত সংবাদ ২০ শে আগস্ট ২০২৬
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজি বন্ধ করো’ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্বত চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর অব্যাহত চাঁদাবাজি, গুম, অপহরণ ও সহিংস কর্মকাণ্ডের কারণে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। সাধারণ জনগণের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে এবং অঞ্চলে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সশস্ত্র সংগঠনগুলোর অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী তৎপরতা অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে পিসিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন। বক্তারা সরকারের কাছে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান জোরদার এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
