বিশেষ প্রতিনিধি, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে ১৬টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক ওরফে নাহিদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) রাতে টেকনাফ থানাধীন পশ্চিম লেদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খালেক অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ অন্তত ১৬টি মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ আগস্ট রাত আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে খালেক তার আরও পাঁচ সহযোগীকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পশ্চিম লেদা এলাকায় প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। এ সময় খালেকের সহযোগী অজ্ঞাতনামা পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা খালেককে আটকে ফেলে।
ঘটনার খবর পেয়ে রাত আনুমানিক ১:১০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতার কাছ থেকে তাকে নিজেদের হেফাজতে নেয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে খালেকের পরিহিত লুঙ্গির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় সিএনজির পেছনের সিটের বক্সের ভেতরে ফেলে যাওয়া ৩টি ওয়ান শুটার গান ও গুলি জব্দ করে পুলিশ।
টেকনাফ মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
