বিশেষ প্রতিনিধি
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং বাকি ৫ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ১৭ জন বাংলাদেশির মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা ও দিঘিরপাড় এবং পার্শ্ববর্তী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা রয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের নিজ নিজ গ্রামে শোকের মাতম চলছে। স্বজনদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।
