বান্দরবানে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় মাধবী মার্মা এমপি’র উদ্যোগে জরুরি সমন্বয় সভা, হাসপাতালে চিকিৎসাসেবা পরিদর্শন
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলায় হামের প্রাদুর্ভাব মোকাবিলা ও সার্বিক স্বাস্থ্য সেবার মানোন্নয়নে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা’র বিশেষ উদ্যোগে আজ বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় জেলায় হামের বর্তমান সংক্রমণ পরিস্থিতি, প্রাদুর্ভাব প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণ নিয়ে বিশদ আলোচনা করা হয়। পাশাপাশি রোগীদের সুবিধার্থে জরুরি অ্যাম্বুলেন্স সেবা বৃদ্ধি সহ সার্বিক স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। সংক্রমণ যেন আর না ছড়ায়, সেজন্য সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিশুদের নির্ধারিত সময়ে টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সবাইকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।” একই সঙ্গে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দেন।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনস্বার্থে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ পার্বত্য জেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জরুরি এ সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, সদর জোন কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইনসহ জেলা পরিষদের সদস্যরা ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসকেরা।
সভা শেষে অ্যাডভোকেট মাধবী মার্মা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং সদর জোন কমান্ডার একযোগে বান্দরবান সদর হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন। তারা চিকিৎসাধীন রোগীদের কাছে যান এবং তাদের শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
