ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি পদে আলোচনায় রয়েছেন দীর্ঘদিনের ছাত্র ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠপর্যায়ের সক্রিয় নেতা ফয়সাল আহমেদ সজল। দলীয় নেতাকর্মীদের দাবি, ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফয়সাল আহমেদ সজল বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজেকে একজন পরীক্ষিত ও দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অর্থনীতি বিভাগের (হল মর্যাদা) আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের টিপু–সাত্তার কমিটিতে সদস্য, সাত্তার–পারভেজ কমিটিতে সহ-সম্পাদক, পারভেজ–খোকন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক এবং শাহীন–খলিল কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ও দক্ষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব লাভ করেন। পরে কেন্দ্রীয় ছাত্ররাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জুয়েল–হাবিব কমিটিতে যুগ্ম সম্পাদক এবং রাজিব–আকরাম কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তরুণ নেতাকর্মীদের মধ্যেও তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তৃণমূলের প্রত্যাশা, নেতৃত্বের সুযোগ পেলে ফয়সাল আহমেদ সজল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *