ডেস্ক রিপোর্ট
বিসিবি কাউন্সিলর তালিকায় বান্দরবানের আলী হায়দার বাবুল
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে গত শনিবার (১৬ মে) প্রকাশিত কাউন্সিলর তালিকায় বান্দরবান জেলা থেকে আলী হায়দার বাবুল মনোনীত হয়েছেন। তিনি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও সাবেক ক্রিকেটার।
তাঁর এই মনোনয়নে ক্রীড়াঙ্গন, সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আলী হায়দার বাবুল একসময় পেশাদার ক্রিকেটার হিসেবে বান্দরবান জেলা ক্রিকেট দলের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে সংগঠক হিসেবে দক্ষতা ও তৃণমূল পর্যায়ে খেলার প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। গত ১৬ মে বিকেল পর্যন্ত কাউন্সিলরশিপের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ের মধ্যে ১৯২টি পদের বিপরীতে ১৮৪টি মনোনয়ন জমা পড়েছে। বাকি ৮টি সংস্থা ও জেলা থেকে কোনো নাম আসেনি।
তিন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবেন:
· ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ) থেকে ১০ জন
· ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে ১২ জন
· ক্যাটাগরি-৩ (শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সরকারি/বেসরকারি সংস্থা ও সাবেক ক্রিকেটার/অধিনায়ক) থেকে ১ জন
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ চলবে। আপত্তির শুনানি হবে ১৯ মে, এবং একই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) মুদ্রায় মনোনয়ন ফর্ম কেনা যাবে। মনোনয়ন জমা দেওয়া যাবে ২১ ও ২২ মে। যাচাই-বাছাই শেষে ২৪ মে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নের ওপর আপিল ও দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত শুনানি হবে।
পোস্টাল ও ই-ভোটের জন্য আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। এসব ভোট গ্রহণ চলবে ১ থেকে ৬ জুন। ৭ জুন দুপুর ১টার পর আর কোনো পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না। এরপরই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হবে।