বান্দরবান প্রতিনিধি
গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদ এবং গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বান্দরবানে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোটের জেলা শাখা।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫৫ মিনিট পর্যন্ত জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা শাখার আমীর এস এম আব্দুচ সালাম আজাদ।
কর্মসূচির শুরুতে একটি গণমিছিল কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইট থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম, মংসা প্রু চৌধুরী, মোঃ আব্দুল আউয়াল, মাওলানা হারুনুর রশিদ ও মোঃ সায়েমসহ ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় জনগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে আনুমানিক ৭০ থেকে ৮০ জন অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে এস এম আব্দুচ সালাম আজাদ বলেন, গণভোটের রায়ের বিপরীতে সরকারের অবস্থান জনমতের পরিপন্থী। তিনি দাবি করেন, জনগণের মতামতকে সম্মান জানিয়ে অবিলম্বে গণরায় বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।