লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলা এলাকায় মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহাদাত নামে এক যুবককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত টি টি এন্ড ডি সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাতামুহুরি নদী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। অভিযানে শাহাদাতকে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই অপরাধে শাহাদাতকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দণ্ড ভোগের পরও তিনি পুনরায় ট্রাক্টর দিয়ে নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করেন। এ সময় স্থানীয় গ্রামবাসী বাধা প্রদান করে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, প্রশাসনের এমন তৎপর ও কার্যকর পদক্ষেপ অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।