লামা প্রতিনিধি
বান্দরবানে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন
রিসোর্ট নির্মাণ বন্ধ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি স্থানীয়দের
বান্দরবানে পূর্বপুরুষদের কবরস্থান দখল করে রিসোর্ট নির্মাণের অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগান পাড়া গ্রামের শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, তাদের বংশপরম্পরায় ব্যবহৃত কবরস্থানটি দখল করে সেখানে “জঙ্গল ভিলা” নামে একটি বেসরকারি রিসোর্ট নির্মাণের চেষ্টা চলছে। তারা এ উদ্যোগকে সম্পূর্ণ অবৈধ, অমানবিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় মিরিঞ্জা বাগান পাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কবরস্থানের জমি দ্রুত সংরক্ষণ, দখলচেষ্টা বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, কবরস্থান শুধু জমি নয়, এটি তাদের ইতিহাস, স্মৃতি ও আবেগের অংশ। তাই এই জায়গা রক্ষায় তারা কোনো আপস করবেন না। মানববন্ধন থেকে এলাকাবাসী হুঁশিয়ারি দেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবেন।