লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি এলাকায় সরকারি চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ট্রাকটি চট্টগ্রাম বন্দর থেকে সরকারি চাল নিয়ে আলীকদমের উদ্দেশ্যে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া দিক থেকে আসা ট্রাকটি (চট্ট মেট্রো-১২০১৮৬) অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক ও সহকারী চিৎকার করে জানান যে, ট্রাকটির ব্রেক কাজ করছে না। পরে লাইনঝিরি এলাকার একটি বাঁকে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে গেলে স্থানীয়রা দ্রুত বালি ও পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
আহতরা হলেন—চালক শাহেদ (৩০), তার বাড়ি চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় এবং সহকারী শওকত ওসমান (২৫), তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। গুরুতর আহত অবস্থায় তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠান।
ঘটনার খবর পেয়ে লামা থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে ট্রাকটির সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধি জুনায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
