বান্দরবান প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে আল-ফারুক ইনস্টিটিউট বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব এস এম আব্দুচ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জনাব এড. মুহাম্মদ আবুল কালাম এবং অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ আমিন উল্লাহ।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ।
বিশেষ অতিথির বক্তব্যে এড. মুহাম্মদ আবুল কালাম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়াতে সহায়তা করে।”
অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল বলেন, “নৈতিক শিক্ষা ও মূল্যবোধের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলে।”
এক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলে, “এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা খুব আনন্দিত। এতে আমাদের প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি হয়।”
এক অভিভাবক বলেন, “প্রতিষ্ঠানের এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে। আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।”
প্রধান শিক্ষক মোঃ আমিন উল্লাহ জানান, “১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আল-ফারুক ইনস্টিটিউট সুনামের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সমুন্নত রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
