আল ফয়সাল বিকাশ, বান্দরবান।
পার্বত্য বান্দরবানের দুর্গম থানচি উপজেলা থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভোটের প্রচারণা শুরু করেছেন।
প্রচারণার অংশ হিসেবে থানচি পর্যটন সেবা কেন্দ্রের মাঠে পথসভা আয়োজন করা হয়। পথসভা উপলক্ষে সকাল থেকে দূর-দূরান্ত থেকে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের শত শত মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন।
সমাবেশে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গণি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, সাশৈপ্রু মারমা, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা আব্দুল মাবুদ, ছাত্রদলের সাবেক সভাপতি সবিকুর রহমান জুয়েল, থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মং শৈ ম্রয় মারমা, জেলা পরিষদের সদস্য মাধবী মারমাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিগত নির্বাচনগুলোতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এখন সময় এসেছে প্রতিটি নাগরিকের তাদের ভোটাধিকার প্রয়োগ করার। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভার প্রধান অতিথি সাচিংপ্রু জেরী বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে পর্যটনসমৃদ্ধ জেলা হচ্ছে বান্দরবান। তার মধ্যে থানচি উপজেলা জীববৈচিত্র্যে ভরপুর এবং পর্যটনের একটি আকর্ষণীয় উপজেলা। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও পিছিয়ে থাকা অর্থনীতিকে চালিকাশক্তিতে রূপান্তর করার জন্য বিএনপি বদ্ধপরিকর। তাই এই উপজেলার সার্বিক উন্নয়নে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি সকল ভোটারদের ১২ ফেব্রুয়ারি একদিন কষ্ট স্বীকার করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
