বান্দরবান প্রতিনিধি :
নির্বাচনের প্রাক্কালে বান্দরবান পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযানটি পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে’র নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে বান্দরবান জেলায় আগত পর্যটক ও স্থানীয় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে জনসাধারণের সঙ্গে কথা বলা, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়।
নির্বাচনের পূর্বমুহূর্তে জেলা পুলিশের এই সময়োপযোগী উদ্যোগে বান্দরবানবাসীর মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। সাধারণ জনগণ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এতে জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা পুলিশ সূত্র আরও জানায়, পুলিশ সুপার আবদুর রহমান যোগদানের পর থেকেই বান্দরবান জেলার সার্বিক নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর—রেইচা চেকপোস্টে পরিচালিত এই বিশেষ অভিযান তারই বাস্তব প্রতিফলন।
