নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ জেলে মো. আলমগীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বলির ছেলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে হোয়াইক্যং ইউনিয়নের বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আহত জেলের বড় ভাই সরওয়ার আলম।
জানা যায়, আলমগীর ও মো. আকবর নামে দুই জেলে নৌকায় জাল ফেলার সময় হঠাৎ সীমান্তের দিক থেকে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এতে একটি গুলি আলমগীরের বাম হাত ভেদ করে চলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, মিয়ানমারের রাখাইন সীমান্তে প্রায়ই গোলাগুলি হয়, যার শব্দ এপারেও শোনা যায়। তবে এই গুলি কারা ছুড়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
