রুমায় চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক গুরুতর আহত

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানের রুমা উপজেলায় টুরিস্ট চাঁদের গাড়ির সঙ্গে স্থানীয় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুরুং সম্প্রদায়ের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টা দিকে রুমা উপজেলার কেওক্রাডংগামী সড়কে বগালেক পৌঁছানোর আগে খুমি পাড়া এলাকায়। এ সময় একটি পর্যটকবাহী চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা চালক মারাত্মকভাবে আহত হন।

আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে বিকেল ৪টা ৪০ মিনিটে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে রেফার করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, আহত ব্যক্তির ডান পায়ের হাঁটু ও মাথার বাম পাশে গুরুতর আঘাত রয়েছে।

আহত যুবকের নাম কাইংওয়াই মুরুং (২৮)। তিনি লং আন মুরুং-এর পুত্র এবং রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউনিয়নের মেনরুই পাড়ার বাসিন্দা। তার মোবাইল নম্বর ০১৫৪০৫৬৬১১০।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।