মিনহাজুল ইসলাম, জাগ্রত পাহাড় ডেস্ক।
বান্দরবান পার্বত্য জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবদুর রহমান। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর জেলার শান্তি–শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর জেলাবাসীর উদ্দেশে এক বার্তায় পুলিশ সুপার আবদুর রহমান বলেন, “পাহাড়ি এই জনপদের পুলিশি সেবা নিশ্চিত করতে আমি এবং আমার অধীনস্থ সকল অফিসার্স-ফোর্স সর্বদা জনগণের পাশে থাকব। পুলিশ সুপারের সাক্ষাৎ পেতে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। অফিস চলাকালে যে কেউ পুলিশি সেবা বা আইনগত পরামর্শের জন্য নির্দ্বিধায় কথা বলতে বা দেখা করতে পারবেন।”
তিনি আরও জানান, অফিসিয়াল কাজের প্রয়োজনে তার মোবাইল নম্বর সবসময় জনগণের জন্য উন্মুক্ত থাকবে, যাতে যে কোনো প্রয়োজনেই নাগরিকরা সরাসরি যোগাযোগ করতে পারেন।
পুলিশ সুপার আবদুর রহমান জেলার শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় রাখতে সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।