বান্দরবানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা, স্থগিত নির্বাচনী কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করেছেন বান্দরবান ৩০০ নং আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিংপ্রু জেরী। এ উপলক্ষে তিনি শনিবার উজানীপাড়া রাজগুরু বৌদ্ধ বিহারে মঙ্গল প্রদীপ প্রজ্বলনসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেন।

এসময় তিনি ঘোষণা দেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় নির্বাচনী সমাবেশ, পথসভা ও গণসংযোগসহ সকল প্রচার-প্রচারণা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। সাচিংপ্রু জেরী বিএনপির নেতাকর্মীদের যার যার ধর্মীয় রীতি অনুযায়ী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার নাইক্ষ্যংছড়ি, রবিবার রোয়াংছড়ি এবং সোমবার রুমা উপজেলায় সাচিংপ্রু জেরীর নির্বাচনী সমাবেশ ও গণসংযোগের কর্মসূচি ছিল। তবে চেয়ারপারসনের শারীরিক অবস্থার প্রতি সম্মান জানিয়ে তিনি সব ধরনের কর্মসূচি স্থগিত করেছেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে সাচিংপ্রু জেরী বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক। তাঁর মতো অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি এ দেশের মানুষ সবসময় আস্থাশীল।” তিনি দেশের বিভিন্ন সংকট ও আন্দোলনে বেগম খালেদা জিয়ার দৃঢ় ভূমিকার কথা স্মরণ করে দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।