মিনহাজুল ইসলাম, জাগ্রত পাহাড় ডেস্ক।
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি যৌথ অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং এবং চোরাকারবারি—মোট ৩৮ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের নিকট থেকে ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড গোলাবারুদ, বেশ কিছু ককটেল, দেশি-বিদেশি মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল এবং বিশেষ অভিযানের পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও দায়িত্ব পালন করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এছাড়া, কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।