বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম জলপ্রপাতে গোসলে নেমে মো. ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা ডেমরা সারুলিয়া এলাকা থেকে আগত ১১ সদস্যের একটি দল নাফাখুম ভ্রমণে গেলে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে জলপ্রপাতের পানিতে গোসল করতে নামেন ইকবাল। এ সময় হঠাৎ প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। সঙ্গে থাকা সহযাত্রীদের চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার সম্ভব হয়নি। দীর্ঘসময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলেনি।
খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। দুর্গম নাফাখুম এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, “পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে দলের সঙ্গে যোগাযোগ করেছি। নিখোঁজ ইকবাল ঢাকার ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”
নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন।
