জমির উদ্দিন │ বান্দরবান │
বান্দরবান শহরের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুনরায় চালু করা হচ্ছে ওয়ান ওয়ে সড়ক ব্যবস্থা। এ উপলক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে।
সভায় “যথাযথ ট্র্যাফিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক নিশ্চিতকরণ” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এতে পুলিশ সুপার বান্দরবান উপস্থিত সম্মানিত স্টেকহোল্ডারদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন,
“সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রত্যেকের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। পুলিশ এককভাবে নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারবে না; এজন্য পরিবহন মালিক-শ্রমিক, পৌরসভা, জেলা প্রশাসন ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও যোগ করেন, বান্দরবানের সড়কগুলোকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পৌরসভা প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তানভির হোসেন ইমন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা মিটিংয়ে বাজার এলাকায় ওয়ান ওয়ে সড়ক চালুর প্রস্তাব তোলা হয়। এর পরদিনই প্রশাসনের সিদ্ধান্তে বিষয়টি অনুমোদিত হয়।
নতুন এই উদ্যোগের মাধ্যমে বান্দরবান বাজারে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
