বান্দরবান প্রতিনিধি।
দীর্ঘদিন পলাতক থাকা অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরা (৩৮) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের থানচি উপজেলার বলি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানচি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, থানচি থানার এসআই এজাজ আহমেদের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত যিশুরাং ত্রিপুরা রুমা উপজেলার ৪নং গ্যালাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদু পাড়ার মানলা ত্রিপুরার পুত্র।
২০০৫ সালের ৯ সেপ্টেম্বর রুমা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং ০২/০৫, জিআর নং ১৭৯/০৫, বিশেষ ট্রাইব্যুনাল নং ৭৮/০৫)। মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর পুলিশ তাকে বলি বাজার থেকে সরাসরি বান্দরবান বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, “দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরাকে থানচি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”