নিউজ ডেস্ক:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদাহ পাড়া—দূর্গম পাহাড়ি এলাকা—সেখানে দুর্ঘটনায় আহত এক শিশু প্রাণ বাঁচাল বিজিবি।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে মুমূর্ষু ৯ বছর বয়সী নমি ত্রিপুরাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটি পাহাড় থেকে নামার সময় পা পিছলে গড়িয়ে নিচে ছড়ায় পড়ে মাথায় আঘাত পায়।
শিশুটির বাবা কান্তি ত্রিপুরা জানান, দুপুরে নমি বাবা-মায়ের সঙ্গে জুমে সবজি আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারানোর পর তার মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।
এলাকায় কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় স্থানীয়রা শিশুটিকে নিকটস্থ বিজিবি বিওপি-তে নিয়ে যান। সেখানে মেডিকেল সহকারী সিপাহী হাফিজ ব্যাটালিয়ন সদর মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
স্থানীয়রা জানিয়েছেন, সাজেকের দুর্গম এলাকায় চিকিৎসার একমাত্র ভরসা বিজিবি। সময়মতো চিকিৎসা না পেলে শিশুটির জীবন হুমকির মুখে পড়তে পারত। তাই তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, এর আগেও বাঘাইহাট ব্যাটালিয়ন বহু রোগীর জীবন রক্ষা করেছে।

