বান্দরবান প্রতিনিধি।
খাগড়াছড়িতে সংঘাতময় পরিস্থিতি ও ধর্ষণের ঘটনায় ‘জুম্ম ছাত্র-জনতা’ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিলেও বান্দরবানে তার কোনো প্রভাব পড়েনি। সোমবার সকাল থেকে জেলার সাতটি উপজেলায় স্বাভাবিকভাবে সড়ক যোগাযোগ সচল ছিলো। ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির সঙ্গে বান্দরবানের যাতায়াতও ছিলো স্বাভাবিক। ফলে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।
জেলার বিভিন্ন বাসস্টেশন ও সড়কে অন্য দিনের মতোই যাত্রীদের আনাগোনা দেখা গেছে। দোকানপাট ছিলো খোলা, সাধারণ মানুষও তাদের দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবে সম্পন্ন করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বান্দরবানের কোনো উপজেলায় অবরোধকে কেন্দ্র করে মিছিল, বিক্ষোভ কিংবা সমাবেশের ঘটনা ঘটেনি।
এদিকে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার হোটেল-মোটেলগুলোতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। পূজা ও পর্যটন মৌসুমে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও অন্যান্য বাহিনীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, “জেলায় সবকিছু স্বাভাবিক রয়েছে। অবরোধ কর্মসূচি পালনের কোনো খবর পাওয়া যায়নি।”
