পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর পোশাক তৈরির অভিযোগে ইউপিডিএফ নেতাসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক।
পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য পোশাক (ইউনিফর্ম) তৈরিতে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রশাসন বিভাগের পরিচালক সুইপ্রু মারমা ওরফে চিনু মারমা। তাকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পাহাড়তলী থানা পুলিশ এ মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে আট দিনের রিমান্ড অনুমোদন দেন। গত বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সুইপ্রু মারমাকে গ্রেপ্তার করে। পরে পাহাড়তলী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, কেএনএফ–এর ফান্ডের উৎস শনাক্ত, পলাতক আসামিদের খোঁজ এবং মামলার রহস্য উদ্ঘাটনে সুইপ্রু মারমাকে জিজ্ঞাসাবাদ জরুরি।

পুলিশ জানায়, গত ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়। এর আগে ২৬ মে নগরের অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি এবং ১৭ মে বায়েজিদ এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি পোশাক উদ্ধার করা হয়। এসব পোশাক কেএনএফের জন্য দুই কোটি টাকার চুক্তিতে প্রস্তুত করা হচ্ছিল বলে এজাহারে উল্লেখ করেছে পুলিশ।

পোশাক তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন রিংভো অ্যাপারেলসের মালিক সাহেদুল ইসলাম এবং ফরমাশদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দার।

উল্লেখ্য, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কয়েক বছর আগে ফেসবুক পেজের মাধ্যমে আত্মপ্রকাশ করে। সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে এবং এর সদস্যরা বান্দরবানে ব্যাংক ডাকাতিসহ নানা সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।