নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে জনপ্রিয় দুটি রেস্টুরেন্ট—হান্ডি ও ধাবা—কে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, হান্ডি রেস্টুরেন্টে কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ, মাংস ও ভাত সংরক্ষণ করে পরিবেশন করা হচ্ছিল। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের প্রমাণ মেলে। এসব অভিযোগে হান্ডিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ধাবা রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারসহ অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ জানান, জরিমানার পাশাপাশি রেস্টুরেন্ট দুটি কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম এড়াতে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।