নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে নাফ নদে বিশেষ অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে নাফ নদে টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমার দিক থেকে তিনজনকে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির ধাওয়ার মুখে তারা মাদকের প্যাকেটগুলো নদীতে ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে পানিতে ভাসমান প্যাকেটগুলো উদ্ধার করে মোট ২ লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সাংবাদিকদের জানান, পাচারকারীরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমার অংশে ঢুকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনজনকে পলাতক আসামি করা হয়েছে। তারা হলো– টেকনাফ জাদীমুড়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে আব্দুর রহিম বাদশা (৪২), দমদমিয়া এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ আয়াজ রুবেল (২৬) এবং একই এলাকার ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৫)।
বিজিবি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
