বান্দরবান, ৯ সেপ্টেম্বর :
নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার শহরের প্রধান সড়ক থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. নাছির উদ্দিন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি উম্মে কুলসুম লীনা। জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র আট দিন পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। তখনই তিনি উপলব্ধি করেছিলেন, জাতীয় রাজনীতিতে পুরুষের পাশাপাশি নারীরাও সমান ভূমিকা রাখবে। সেই ধারাবাহিকতায় দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে মহিলা দল সবসময়ই গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। আগামী দিনগুলোতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
