বান্দরবানে ইটভাটার ২ শ্রমিক অপহরণ

টিডিসি রিপোর্ট;

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় একটি ইটভাটা থেকে দুই শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এএইচএন ইটভাটা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন— তপন দাশ (৬৫), আমিরাবাদ সুপছড়ি এলাকার বাসিন্দা এবং জয় নাথ (৫৫), বালাঘাটার বাসিন্দা। তারা উক্ত ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ওই রাতে রুমে বিশ্রামে ছিলেন জয় নাথ। বাজার থেকে ফিরে একইভাবে বিশ্রামে ছিলেন তপন দাশ। এসময় দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়।

এএইচএন ইটভাটার কর্মচারী সুনিল দাশ বলেন, “তপন দাশের মুঠোফোনে কল দিলে অপরপ্রান্তে অচেনা একজন ফোন ধরে জানায়, তারা ইটভাটা বিষয়ে আলোচনা করছে এবং কাছাকাছিই আছে। পরে আবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।” তিনি আরও জানান, অপহরণের পথে কয়েকটি পায়ের ছাপ পাওয়া গেছে।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তরা দুইজন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।”

ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, “কে বা কারা তাদের নিয়ে গেছে আমি জানি না। কারো সঙ্গে আমাদের কোনো ধরনের দ্বন্দ্ব বা আর্থিক লেনদেন বাকি নেই।”

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম জানান, “অপহরণের ঘটনায় পুলিশ অভিযান শুরু করেছে। তবে কারা অপহরণের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।”