খাগড়াছড়িতে সাবেক মন্ত্রী কুজেন্দ্র লালের নামে মামলা

টিডিসি রিপোর্ট;

খাগড়াছড়ি জেলার সাংবাদিক এইচ এম প্রফুল্লের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে মামলাটি দায়ের করেন বাদীপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আফছার হোসেন রনি।

তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১২০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে। এ ছাড়া খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদী হাসান ও রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমের নাম রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট খাগড়াছড়িতে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংবাদ সংগ্রহে গেলে কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে এইচ এম প্রফুল্লসহ একাধিক সাংবাদিক আহত হন।

পরদিন, ৫ আগস্ট, শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে সাংবাদিক প্রফুল্ল আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়ম নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে কুজেন্দ্র লাল ও তার সহযোগীরা একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এবং জেলা প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে আসছেন।

বাদীপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিক প্রফুল্ল রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।