মতবিরোধ থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে সবরাজনৈতিক দল ঐক্যবদ্ধ: নুরুল হক নুর

নিউজ ডেস্ক:

গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে গত ৫০ বছর ধরে কালো টাকা এবং দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। তিনি উল্লেখ করেন যে, এই পতিত রাজনীতি বন্ধ না হলে দেশের পরিবর্তন সম্ভব নয়। বর্তমান সরকারও এই ধারায় চলছে এবং তাদের মধ্যে কোনো ব্যতিক্রম নেই। উপদেষ্টারাও ক্ষমতার ভোগ করছেন।

যশোরে অনুষ্ঠিত একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘পুরানো ব্যবস্থা দিয়ে দেশ চলবে না। সকল ক্ষেত্রে সংস্কার হতে হবে। আমরা রাষ্ট্র পুনর্গঠন না করে নির্বাচন চাই না।’ তিনি ১৮-এর কোটা সংস্কার থেকে শুরু করে ২৪-এর রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন।

নুর আরো বলেন, ‘আওয়ামী লীগ একটি অচল মাল। এদেশে আর তাদের ফিরে আসার সুযোগ নেই। যতই মত বিরোধীতা থাকুক আওয়ামী লীগ প্রশ্নে এ দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। ফলে মরা লাশে জীবন ফেরার আশায় কেউ থাকবেন না। অন্য রাজনৈতিক প্লার্টফর্ম খুঁজুন।’

সমাবেশে যশোর জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বক্তব্য দেন।