নিউজ ডেস্ক:
খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বাড়িতে বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়েছে যৌথবাহিনী। দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় অভিযান চললেও তাকে না পেয়ে খালি হাতে ফিরে যায় যৌথবাহিনীর সদস্যরা।
অভিযানের বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করলেও কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে রাতভর অভিযানের ঘটনা খুলনা শহরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেল বছরের ৫ আগস্টের পর থেকে মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। এর মধ্যে খানজাহান আলী হকার্স মার্কেটের দোকান দখল, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়সহ একাধিক অভিযোগ রয়েছে।
এর আগে চলতি মাসের ১১ ও ১২ আগস্ট খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এবং সদর থানায় তার বিরুদ্ধে দুটি সাধারণ ডায়েরি করা হয়। ওই জিডির ভিত্তিতে খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপংকার দাশ স্বাক্ষরিত পত্রে আটকাদেশ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত চাওয়া হয়।
অভিযান প্রসঙ্গে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুমকে ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
