নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

নিউজ ডেস্ক:


দেশের সকল নারীর প্রতি সহিংসতা বন্ধের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সংলাপ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস, ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বাচ্চু বলেন, “নারীরা দেশের বোঝা নয়, তারা পুরুষদের পাশাপাশি সমানভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু নারীরা নিজের অধিকার নিয়ে কথা বলতে গেলেই নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। সরকারের উচিত নারীর স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আইনগতভাবে তাদের অধিকার নিশ্চিত করা।”

অনুষ্ঠানে জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, বিএনকেএস এর সভানেত্রী নেমকিম বম, উপ নির্বাহী পরিচালক উবানু মারমা, ট্রেইনিং অফিসার পারমিতা চাকমা, ফিল্ড অর্গানাইজার উমে খ্যাই মারমা সহ বিভিন্ন নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএনকেএস এর উপ-পরিচালক উবানু মারমা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবান জেলায় নারীর ওপর ৩৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তিনি এ অবস্থাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।