মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশি যুবক গুরুতর আহত

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ভেতরে পা রাখা মাত্রই মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মো. হোসেন (৩৩) নামে এক বাংলাদেশি যুবক।

রোববার (১৩ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি সীমান্ত চৌকির আওতাধীন ৪২ ও ৪৩ নম্বর পিলারের মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন মিয়ানমারের ভূখণ্ডে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মো. হোসেন সীমান্ত এলাকায় বাঁশ কাটতে গিয়েছিলেন। হঠাৎ মাটিতে পাতা মাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত অবস্থায় সীমান্ত সড়কের জনমানবহীন এলাকায় পড়ে থাকেন। কিছুক্ষণ পর সীমান্ত সড়ক নির্মাণে নিয়োজিত শ্রমিকেরা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ ফিল্ড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।

আহত মো. হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা। তিনি বাচা মিয়ার ছেলে এবং পেশায় একজন শ্রমিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। বিষয়টি আমরা যাচাই করছি।”

এর আগে, গত ২৬ জুন একই উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে ইউনুস (২৭) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন।

স্থানীয়রা বলছেন, চলমান সংঘাতের কারণে রাখাইন রাজ্যে বিপুলসংখ্যক মাইন পুঁতে রাখা হয়েছে। সীমান্তবর্তী গ্রামবাসী ও কাঠ-বা বাঁশ সংগ্রহকারীরা প্রায়ই এসব মাইন বিস্ফোরণের ঝুঁকিতে থাকেন।