খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, জেলা পরিষদের ১৪ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দাখিল করেছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে পরিষদ সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য এবং ঠিকাদারদের বিল আটকিয়ে রেখে ঘুষ গ্রহণসহ বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ড।
বর্তমানে এসব অভিযোগ তদন্তাধীন রয়েছে। এমন প্রেক্ষাপটে, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
