টিডিসি রিপোর্ট :
বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর গোলাগুলির ঘটনায় দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে মুয়ালপি পাড়ার কাছে নাইতং পাহাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন ক্যাপ্টেন সাংমিন বম (২৭), যিনি মুয়ালপি পাড়ার বাসিন্দা ও ৯ সদস্যের একটি কেএনএফ দলের কমান্ডার ছিলেন। অপরজন লাল হিমসাং বম (২৫), মুন্নুয়াম পাড়ার বাসিন্দা। তাদের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সংঘর্ষস্থলে সেনাবাহিনী অভিযান চালিয়ে কেএনএফ-এর একটি ঘাঁটি থেকে তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, প্রায় ৪৫০ রাউন্ড গুলি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। সেখান থেকে লালসাং পাস্সান বম নামের এক কেএনএফ সদস্যকে জীবিত আটক করা হয়। পরে তাকে রুমা থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনার পর রুমা উপজেলার মুয়ালপি ও লাইরুনপি পাড়াসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে ওইসব দুর্গম পাড়ায় সেনা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে তল্লাশি চৌকিতে কঠোরতা বাড়ানো হয়েছে।
সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া সেনা ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
